‘পুলিশে মাদকাসক্তের কোনো স্থান নেই’ —আইজিপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:৩৩

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমদ বলেছেন, মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ডোপ টেস্ট শুরু করেছি। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশ বাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই। পুলিশ বাহিনীতে মাদকাসক্ত পুলিশ সদস্যের কোনো স্থান নেই। গতকাল রবিবার দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেইজ ও হ্যালো আরএমপি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেনসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভাষণ দেন।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুছ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী শহরব্যাপী সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ আরএমপির সদর দপ্তরে আরএমপির অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করেন আইজিপি।

অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার :বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসািনার দিনবদলের নন্দিত সনদ ‘রূপকল্প-২০৪১’ গুরুত্বের সঙ্গে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার অংশ হিসেবে আরএমপির অপরাধ ও অপরাধ চিহ্নিতকরণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এছাড়া সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত অপরাধী শনাক্তসহ আরএমপির আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ :কিশোর অপরাধ দমনে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক কিশোর গ্যাংয়ের বিস্তারিত তথ্যসংবলিত ‘ডিজিটাল ডাটাবেজ’-এর প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ইনোভেটিভ আইডিয়াটি’র নামের ঐ ডাটাবেজের সুফল ইতিমধ্যে নগরবাসী পেতে শুরু করেছে। এতে কিশোর অপরাধের সঙ্গে জড়িত কিশোরদের বিভিন্ন তথ্য-উপাত্ত, বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, তাদের সম্ভাব্য চলাচলের এলাকা, মোবাইল নম্বর, ছবিসহ প্রয়োজনীয় তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে ‘ডিজিটাল ডাটাবেজ’ তৈরি করা হয়েছে। বিশেষ করে কিশোর অবস্থায় যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে তাদেরকে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম মনিটরিং করা হচ্ছে, যেন ভবিষ্যতে কোনো কিশোর ভুল পথে না যায়।

হ্যালো আরএমপি অ্যাপ :‘হ্যালো আরএমপি’ অ্যাপের মাধ্যমে আরএমপির কাছে তথ্যপ্রদান ও অনলাইনে অভিযোগ করা যায়। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা যেমন—পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরি সেবাসমূহ এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান বিশ্বে মহামারি রূপ নেওয়া নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর জরুরি সেবাসংক্রান্ত বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল এই অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপ থেকে আরএমপির সব কর্মকর্তার ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আরএমপির ওয়েব পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।