টিকটকে ভিডিও বানানোর কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই কিশোরও ‘টিকটক সেলেব্রিটি’ বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার দুই কিশোরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ওসি দেলোয়ার হোসেন চৌধুরী বলছেন, ‘একটি স্কুলের শিক্ষার্থী মেয়েটি নিজে টিকটক ভিডিও তৈরি করত। সেই সূত্র ধরে বিভিন্ন জেলায় টিকটক ভিডিও তৈরি করে, এরকম বেশ কয়েকজনের সঙ্গে সামাজিক মাধ্যমে তার পরিচয় হয়। নিজেদের টিকটক সেলেব্রিটি পরিচয় দিয়ে কয়েকজন কিশোর টিকটকে কাজ করার কথা বলে মেয়েটিকে ঢাকায় ডেকে নেয়। এরপর গেন্ডারিয়ার একটি বাসায় আটকে রেখে চার জন মিলে ধর্ষণ করে। ’
মেয়েটির সন্ধান না পেয়ে তার মা টঙ্গীর ঐ থানায় জিডি করেছিলেন। সেটার সূত্র ধরে মেয়েটিকে খুঁজতে শুরু করে পুলিশ। প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সন্ধ্যায় ঢাকার হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে মেয়েটিকে পুলিশ উদ্ধার করে। এরপর মেয়েটির কাছ থেকে বর্ণনা পেয়ে গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করা হয়। এই দুই কিশোরের টিকটকে অনেক ফলোয়ার রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ধর্ষণের অভিযোগে আরো দুই জনকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ওসি। ভুক্তভোগী মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
