পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সাত সেনা নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:৩৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার ফ্রন্টিয়ার করপসের পোস্টে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে সেনাবাহিনীর। সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন উল্লেখ করে জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী আছেন। গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। -আলজাজিরা ও ডন