চাটমোহর পৌর নির্বাচনে দুই প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৪১

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। আজ সোমবার (২৮ ডিসেম্বর) ভোট চলাকালীন সময়ে পৃথক পৃথক প্রেস ব্রিফিং করে ভোট বর্জন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আ. মান্নান (মোবাইল ফোন)। ভোট কেন্দ্র দখল, জোরপূর্বক নৌকায় ভোট প্রদান, বহিরাগতদের দ্বারা হামলা, ভয়ভীতি দেখানো এবং অভিযোগের কোনো প্রতিকার না পাওয়ায় এই দুই প্রার্থী নির্বাচন বর্জন করেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রফেসর আ. মান্নান বালুচর মহল্লার সবুজ সংঘ চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে ভোট ওনির্বাচন বর্জনের ঘোষণা দেন। 
তিনি বলেন, শান্তিপ্রিয় চাটমোহরবাসীকে ভয়ভীতি দেখিয়ে প্রতিটি ভোট কেন্দ্র দখল করে নিয়েছে নৌকার প্রার্থীর নেতাকর্মীরা। তারা ভোটারদের বাধ্য করছে নৌকায় ভোট দিতে। তিনি আরও বলেন, এমন অবস্থা চাটমোহরে কখনও হয়নি। তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্বাচনে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা ছিল।

এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল তার মধ্যশালিখাস্থ বাসভবনে প্রেসব্রিফিং করে নির্বাচন বর্জনের ঘোষণাদেন। তিনি বলেন, আমার বিজয় নিশ্চিত ছিল। কিন্তু নৌকার প্রার্থীর সন্ত্রাসীরা প্রতিটি কেন্দ্র দখল করে আমার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোট নিয়েছে। এটা কোনো নির্বাচন হয়নি। আমি এই নির্বাচন বাতিলের দাবি করছি।    

ইত্তেফাক/কেকে