তরুণীকে ধর্ষণচেষ্টা: সেই বাসের হেলপার গ্রেফতার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৮:১২

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার ঘটনায় সেই বাসের হেলপারকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থানার বুরাই গাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে সিলেট পিবিআই। 

গ্রেফতার হওয়া ওই হেলপারের নাম রশিদ আহমদ (২৭)। সে ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামের হাবিব আহমদের ছেলে।

সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাই গাও থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।

আরো পড়ুন: চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় গাড়ি থেকে লাফ

প্রসঙ্গত, শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা সিলেট জ-১১০৭২৩ নম্বরের একটি যাত্রীবাহী বাসে আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ বাড়িতে আসার জন্য দিরাইগামী বাসে উঠে ওই তরুণী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে এ সময়ে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের চালক ও হেলপার মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়। পরে গ্রামবাসী তাকে আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় রবিবার রাতেই বাস চালক হেলপারসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন তরুণীর বাবা।

ইত্তেফাক/এএএম