ডাকটিকিট

ডাকটিকিটে শিল্পাচার্য

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৪২

বাংলাদেশে চারুকলা আন্দোলনের পথিকৃত্ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আজ ১০৬তম জন্মবার্ষিক। ছোটবেলা থেকেই তাঁর নেশা ছিল ছবি আঁকার প্রতি। মাত্র ১৬ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে কলকাতায় যান শুধু গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। এত আগ্রহ দেখে তাঁর মা নিজের গলার হার বিক্রি করে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। ১৯৩৮ সালে কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস  থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি নিয়ে জয়নুল আবেদিন একই স্কুলে শিক্ষক হিসেবে  যোগ দেন। সে বছরই তিনি সর্বভারতীয় চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়ে স্বর্ণপদক পান।

১৯৪৩ সালে দুর্ভিক্ষপীড়িত মানুষের স্কেচ করে বিশ্বখ্যাতি অর্জন করেন। তিনি এঁকেছেন বাংলার লোকসংস্কৃতি, বাংলার দ্রোহ, নারী। তাঁর হাত ধরেই বাংলার চিত্রশিল্পের জাগরণ হয়। ১৯৪৮ সালে কলকাতা থেকে ঢাকা চলে আসেন এবং পটুয়া কামরুল হাসান, শিল্পী সফিউদ্দীন আহমদ প্রমুখের সহায়তায় ঢাকা সরকারি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন এবং ১৯৪৯ সালে অধ্যক্ষ পদে যোগ দেন। ১৯৬৩ সালে আর্ট স্কুল কলেজে উন্নীত হয় এবং ১৯৬৭ সালে অধ্যক্ষ পদ থেকে অবসরে যান। ১৯৭০ সালে দেশের উপকূল অঞ্চলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস হলে তার ধ্বংসলীলা দেখার জন্য তিনি মনপুরা যান এবং তার ওপর ভিত্তি করে মনপুরা-৭০ নামে ছয় ফুট কাগজের স্ক্রলে এক অপূর্ব চিত্রকলা তৈরি করেন। ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক পদ প্রদান করে এবং একই বছর তাঁর উত্সাহে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ১৯৭৫ সালে তাঁর ঐকান্তিক  চেষ্টায় সোনারগাঁয়ে বাংলাদেশ শিল্পকলা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

শিল্পাচার্য জয়নুল ও তাঁর চিত্রকর্মের ওপর স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ১৯৮৫ সালে ৭১তম জন্মবার্ষিকে তাঁর প্রতিকৃতি সম্বলিত ৩ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট ও উদ্বোধনী খাম প্রকাশিত হয়, যাঁর নকশাকার প্রাণেশ কুমার মণ্ডল। ১৯৮৬ সালের ৬ এপ্রিল বাংলাদেশের চিত্রকর্ম সিরিজে প্রকাশিত তিনটি ডাকটিকিটের একটিতে ১০ টাকা মূল্যমানে তাঁর চিত্রকলা ‘মই দেওয়া’ স্থান পায়। একই ডাকটিকিটের ওপর ‘৪র্থ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ১৯৮৯’ ওভারপ্রিন্ট করে ১৯৮৯ সালের ১ মার্চ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। সর্বশেষ এ বছর গত ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে প্রকাশিত ৪০ টাকা মূল্যমানের সুভেনির শিটে শিল্পাচার্য জয়নুল আবেদিন কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংবিধানের মূল কপি অর্পণের ছবি স্থান পেয়েছে। সুভেনির শিটের নকশা করেন সনজীব কান্তি দাস। আগামীতে শিল্পাচার্যের ওপর আরো ডাকটিকিট প্রকাশিত হবে আশা করি।