আবারও একই সপ্তাহে হোঁচট খেলো প্রায় সব পরাশক্তি। রবিবার প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। দিনের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গেও একই ব্যবধানে ড্র করেছে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার্স।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে ৮২তম মিনিটে এক কর্নার থেকে গোল করে বসে স্যামি আজাই। মৌসুমে ঘরের মাঠে অলরেডদের প্রথম ড্র এটি। ওদিকে, মলেনিউয়ে উলভসের বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছে স্পার্স। এই ম্যাচের চিত্রও প্রায় একই রকম। ম্যাচের প্রথম মিনিটেই টাঙ্গি এনডোমবেলের গোলে স্পার্স এগিয়ে গেলেও শেষদিকে কর্নার থেকে গোল করে উলভসের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রোমান সাঁইস। ড্রয়ের পর লিভারপুল পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলেও পাঁচে নেমে গেছে স্পার্স।
