ফলোঅন এড়াল পাকিস্তান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:২৩

নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে চোখ রাঙানি দিচ্ছিল ইনিংস পরাজয়। কিন্তু মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ জুটিতে কিউইদের ফের ব্যাটিংয়ে নামাতে বাধ্য করে পাকিস্তান। তবে তার পরও সুবিধাজনক অবস্থানে নেই সফরকারীরা। প্রথম ইনিংসে ২৩৯ রানে অল-আউট হয়ে দিনের খেলা শেষ করে দলটি। মাউন্ট মঙ্গানুইয়ে আজ ১৯২ রানে এগিয়ে থেকে দিন শুরু করবে কেন উইলিয়ামসনের দল। আগের দিন থেকেই উইকেট ব্যাটিং-সহায়ক হয়ে উঠছিল। কিন্তু সেখানেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছে কিউই পেস কোয়ার্টেট। সর্বোচ্চ ৩ উইকেট নেন কাইল জেমিসন। ব্যাটিং-সহায়ক পিচেই ১ উইকেটে ৩০ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান ৮০ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেটে। প্রতিকূল পরিস্থিতি হাল ধরেন রিজওয়ান (৭১) ও আশরাফ (৯১)। ভালোই সামলাচ্ছিলেন কিউই  বোলারদের। কিন্তু  রান আউটের মাধ্যমে কী মর্মান্তিক মৃত্যুই না হলো ১০৭ রানের জুটিটির।