যুবাদের নেতৃত্বে আকবর আলী

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:০৪

ইংল্যান্ড সিরিজ

 স্পোর্টস রিপোর্টার

একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে আজ বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আজ ঢাকায় নেমেই সরাসরি কক্সবাজারে চলে যাবে ইংলিশ যুবারা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই হোম সিরিজের জন্য গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি।

সিরিজে বাংলাদেশ যুব দলের নেতৃত্ব দিবেন আকবর আলী। বিপিএলের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক তৌহিদ হূদয় ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাদেরকে ছাড়তে চায়নি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। তৌহিদ হূদয় সিলেট সিক্সার্সে ও শরীফুল খুলনা টাইটান্সের হয়ে খেলছেন। তৌহিদ হূদয় এক ম্যাচ খেলার পর সাইড বেঞ্চে সময় কাটাচ্ছেন। শরীফুল অবশ্য নিয়মিতই খুলনার হয়ে খেলছেন।

তাদের দুজনকে হোম সিরিজের শেষ দিকে পেতে পারে বাংলাদেশ যুব দল। তবে তাদের অনপুস্থিতিতে দলের শক্তি কিছুটা কমবে বৈকি। উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী নেতৃত্ব দিবেন দলকে। তার ডেপুটি শামীম হোসেন।

আগামী ২৫ জানুয়ারি কক্সবাজারে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তারপর একই ভেন্যুতে ২৭ জানুয়ারি একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড যুবদল। কক্সবাজারে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৯, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। চারদিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৭-১০ ফেব্রুয়ারি প্রথম, ১৫-১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে ইংলিশ যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আকবর আলী (অধিনায়ক), প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামীম হোসেন (সহঅধিনায়ক), শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, শাহীন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ড-বাই:

সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান, মুজাক্কির হোসেন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।