বিজিএমইএর নির্বাচন হতে পারে এপ্রিলের শুরুতে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৩০

তৈরি পোশাক উত্পাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরবর্তী নির্বাচন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বর্তমান সভাপতি ড. রুবানা হকের নেতৃত্বাধীন পর্ষদের মেয়াদ ছয় মাস বাড়ানোর আলোচনা হলেও শেষ পর্যন্ত ঐ পথে না হাঁটার পক্ষে মত দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতিদের বেশির ভাগই। ফলে দুই বছরের মেয়াদ শেষে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সাবেক সভাপতিদের সমন্বয়ে গঠিত প্রেসিডেন্টস ফোরাম। সূত্র জানিয়েছে, এই সময়ের মধ্যে যদি এমন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, যে জন্য নির্বাচন করা একেবারেই সম্ভব হচ্ছে না, তখন বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। বৈঠকে উপস্থিত সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ইত্তেফাককে বলেন, নির্বাচন হবে এপ্রিলের প্রথম সপ্তাহে।

সমন্বয় পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেলে ভাগ হয়ে অতীতে নির্বাচন করে আসছিলেন সদস্যরা। তবে গত দুই দফার কমিটি নির্ধারণ হয়েছিল সমঝোতায়। এবার সমন্বয় পরিষদ সমঝোতার বদলে নির্বাচনের পক্ষে। ইতিমধ্যে সমন্বয় পরিষদের প্যানেল লিডার হিসেবে সাবেক সহসভাপতি ফারুক হাসানের নাম ঘোষণা করা হয়েছে।