কুমিল্লা জেলা শহরের ব্যস্ত প্রতিটি সড়কের পাশে পাল্লা দিয়ে গড়ে উঠছে ব্যবসাপ্রতিষ্ঠান। পার্কিংয়ের ব্যবস্থা না রেখেই চালু হওয়া এসব প্রতিষ্ঠানে কেনাকাটা করতে এসে সড়কের ওপর ব্যক্তিগত যানবাহন রাখায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশন সূত্র জানায়, যে কোনো প্রতিষ্ঠান বা ভবন নির্মাণ করতে পার্কিং সুবিধা রাখা বাধ্যতামূলক। কিন্তু কুমিল্লা নগরী ঘুরে দেখা গেছে কোথাও সেই সুবিধা নেই। কিছু কিছু ভবনে পার্কিং সুবিধা থাকলেও অপর্যাপ্ত। এখন আর সুনির্দিষ্টভাবে আলাদা আলাদা বাণিজ্যিক বা আবাসিক এলাকা নেই। যত্রতত্র গড়ে ওঠা বহুতল ভবনের নিচতলার সবকটিতেই কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান চালু রয়েছে। ব্যস্ততম এলাকায় রূপ নেওয়া কান্দিরপাড়, বাদুরতলা, ঝাউতলা, রেসকোর্স, শাসনগাছা, মনোহরপুর, রাজগঞ্জ, লাকসাম রোড, পুলিশলাইন, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি, কাসাড়িপট্টি, বজ্রপুর, চকবাজার—এসব এলাকায় প্রতিটি ভবনের পার্কিং স্থানে রয়েছে নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। কিছু কিছু ভবনে পার্কিং সুবিধা থাকলেও সেটা আবাসিক ভবন মালিকদের। প্রতিদিনই এসব প্রতিষ্ঠানে আসছেন অগণিত ক্রেতা। ভাড়ায় আসা বাহনগুলো যাত্রী নামিয়ে চলে গেলেও ব্যক্তিগত গাড়িগুলো সড়কের ওপর রাখায় উল্লিখিত স্থানগুলোতে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশনের নির্দেশনা থাকলেও কার্যত সেটা উপেক্ষিত হচ্ছে প্রায় ক্ষেত্রেই! এ অবস্থায়, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণসহ যে সব ভবনের পার্কিং জোনে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু রয়েছে, সেগুলো বন্ধ করাসহ নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
