সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের পূর্ব কুষ্টিয়া গ্রামের শত বছরের ঐতিহ্যবাহী খাল বেদখল হয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে সরকারি এক কর্মচারী ও এলাকার প্রভাবশালী মহল খালটি দখল করে মাটি ভরাট করছে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব কুষ্টিয়া সেতু নামক স্থানের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করত। এই খাল দিয়ে কুষ্টিয়া, বালিয়াটি চরপাড়া, উত্তর কাউন্নরা ও পার্শ্ববর্তী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের শেলুয়াপাড়া, ডাকাত মারা গ্রামসহ ছয়টি বিলের পানি গাজীখালী নদীতে প্রবাহিত হতো। ইতিমধ্যেই এই খালের বিভিন্ন স্থান দখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী মহল। ফলে এখন আর পানি বের হতে পারে না। যার দরুন দুটি ইউনিয়নের ছয়-সাত গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চাষাবাদসহ কৃষিকাজে মারাত্মক অসুবিধা হচ্ছে। নষ্ট হচ্ছে হাজার হাজার একর জমির ফসল। এলাকাবাসী দখলদারদের হাত থেকে খালটি রক্ষার জন্য দাবি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
অপরদিকে খালটির একটি অংশের দখল নিতে উপজেলার দিঘলীয়া গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য মো. মতিউর রহমান দেওয়াল দিয়ে মাটি ভরাটের উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ কর হলে তিনি জানান, তিনি পূর্ব কুষ্টিয়া গ্রামের নুরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন। ক্রয়কৃত জমিতে খাল থাকায় তা মাটি ভরাট করার প্রস্তুতি নিয়েছেন। এ প্রসঙ্গে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে খাল ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে। দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
