চাল আমদানিতে কৃষক লীগের ৪ সুপারিশ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

চালের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার স্বার্থে সরকার আমদানি শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্তের বিষয়ে ৪ দফা সুপারিশ করেছে কৃষক লীগ। সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এক যুক্ত বিবৃতিতে খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে চালের আমদানির ক্ষেত্রে কিছু নীতিমালা গ্রহণ করার জন্য এই সুপারিশ পেশ করেছেন। রবিবার বিকালে কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপারিশগুলো হলো—এক. চালের উপর হ্রাসকৃত ২৫% আমদানি শুল্কের নির্দিষ্ট সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। দুই. উত্পাদন ও চাহিদার সমন্বয় করে চাল আমদানির পরিমাণ নির্ধারণ করে ঢালাওভাবে আমদানির অনুমতি না দিয়ে প্রকৃত সরবরাহকারী ও আমদানিকারকদের চাল আমদানির অনুমতি প্রদান। তা না হলে স্থানীয় কৃষক তাদের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। তিন. চালের গুণগত মান বজায় রাখা এবং উত্পাদন মেয়াদকাল যাতে দুই বছরের বেশি না হয় সেদিকে সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ। অন্যথায় নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ চাল একদিকে যেমন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, তেমনি স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। চার. আমদানিকৃত চালের বস্তায় আমদানিকারক, রপ্তানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ও চাল উত্পাদনের সময় লেখা থাকতে হবে।