টঙ্গীতে চোরাই মার্কেটে পুলিশের অভিযান ছয় নির্দেশনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

গত ২৬ ডিসেম্বর  দৈনিক ইত্তেফাকে ‘টঙ্গীতে চোরাই মার্কেটে প্রকাশ্যে বেচাকেনা, অন্ধকারে প্রশাসন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম দক্ষিণ) ইলতুিমসের নির্দেশনায় রবিবার দুপুরে টঙ্গী বউবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মার্কেটের সব রকম চোরাই মালামাল ক্রয়-বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। এ সময় চোরাই মার্কেটে কোনো রকম চোরাই মালামাল ক্রয়-বিক্রয় না করার জন্য ছয়টি নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, বউবাজার এলাকার স্থানীয় বাসিন্দা, শামসুদ্দিন, হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর জয়নালের ভাই মো. আব্বাছ উদ্দিন ও কাউছারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই চোরাই মার্কেট পরিচালিত হয়ে আসছিল। এ ব্যাপারে ইলতুিমস জানান, ‘সংবাদ প্রকাশের পর আমার দৃষ্টিগোচর হয়েছে। যেহেতু মার্কেটটিতে চোরাই ছাড়াও ঘরোয়া কিছু আসবাবপত্র ক্রয়-বিক্রয় হয়, সেহেতু মার্কেট বন্ধ করে সব দোকানিকে ডেকে ছয়টি নীতিমালা মেনে ব্যবসা করার নির্দেশ দিয়েছি। এর মধ্যে মার্কেটে সিসিটিভি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা; যাতে কোনো চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় না হয়, ভোটার আইডি কার্ড এবং সঠিক নাম ঠিকানা ছাড়া কেউ ক্রয়-বিক্রয় করতে পারবে না, প্রত্যেকটা ক্রেতার ছবি তুলে রাখতে হবে, থানা পুলিশ নিয়মিত মনিটরিং এবং ওসিকে কড়া সতর্কতা বজায় রাখতে হবে।