দেশের বিদ্যমান পরিস্থিতিতে পোশাক শিল্পের চরম দুর্দিন চলছে এমনটা দাবি করে বিকেএমইএ পোশাক শিল্পের শ্রমিক মালিকদের অস্তিত্ব রক্ষার্থে আপাতত মজুরি বৃদ্ধি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, মহামারি করোনার ছোবলে সারা বিশ্বের অর্থনীতি স্থবির। এমন পরিস্থিতিতে ২০২০ সাল পোশাক শিল্পের পুরোটাই কেটেছে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায়। এ সময়ে কমেছে স্বাভাবিক কার্যাদেশ, বেড়েছে উত্পাদন ব্যয়। এ শিল্পের কাঁচামালের বাজারেও চলছে চরম অনিশ্চয়তা। এমন পরিস্থিতি জানিয়ে বিকেএমইএ একটি পত্র দিয়েছে শ্রম মন্ত্রণালয় বরাবর। যেখানে অনুরোধ করা হয়েছে, আগামী দুই বছরের জন্য শ্রমিকদের বাত্সরিক ৫% হারে মজুরি বৃদ্ধির বিধান স্থগিত রাখা হোক। বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি স্বাক্ষরিত আবেদনপত্রটি গতকাল সোমবার জমা দেওয়া হয়।
