ঢাকা ও চট্টগ্রামে মৃত্যু ৫৪৯৫ জনের, অন্য ছয় বিভাগে ১৯৮৪

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৫৫

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৪৯৫ জন। বাকি ছয় বিভাগে মৃতের সংখ্যা ১৯৮৪। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। মোট মৃতের মধ্যে ৪ হাজার ৯৯ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৩৯৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৩১ জন রাজশাহী বিভাগের, ৫২৬ জন খুলনা বিভাগের, ২৩৬ জন বরিশাল বিভাগের, ২৯০ জন                  সিলেট বিভাগের, ৩৩৭ জন রংপুর বিভাগের এবং ১৬৪ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৯৩২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৮০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৪টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ২৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ সর্বমোট ১৬৭টি ল্যাবে ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ৩০৯টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ২১৮টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৩ জন পুরুষ আর নারী ৪ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।