বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে একান্তে পাওয়ার প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিনের বিরুদ্ধে। ঐ ছাত্রীর বেতন মওকুফের আবেদন কার্যকর করতে এই অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ঐ ছাত্রী প্রমাণসহ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন তারা। অন্য শিক্ষার্থীরা আন্দোলনের হুঁশিয়ারি দিলে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আবেদন গ্রহণ করে।
ভুক্তভোগী ছাত্রীর জানান, করোনাকালে নার্সিং ইনস্টিটিউটের পুরো বেতন পরিশোধ করতে পারেননি তিনি। বকেয়া বেতনের জন্য মেসেঞ্জার গ্রুপে তার ওপর চাপ প্রয়োগ করছিলেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন। ছাত্রী এই মুহূর্তে বেতন পরিশোধ করতে পারবে না বলে জানায়। এ নিয়ে নানা কথাবার্তার এক পর্যায়ে বেতন মওকুফ করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন তার সঙ্গে একান্তে দেখা করতে বলে। কিছু পেতে হলে কিছু দিতে হবে জানায়। এতে শিক্ষার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এতে বিব্রত হয়ে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন তার কথা না শুনলে ইনস্টিটিউট থেকে পাশ করে বের হতে পারবে না বলে ছাত্রীকে হুমকি দেয়।
ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন বলেন, তিনি কাউকে অনৈতিক প্রস্তাব দেননি। তৃতীয় কোনো পক্ষ তাকে ফাঁসানোর জন্য ফেক আইডি করে মেসেঞ্জারে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। ইনস্টিটিউটের অধ্যক্ষ আকলিমা বেগম বলেন, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
