যুক্তরাজ্যে নতুন করে কোভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে লন্ডনফেরত যাত্রীদের জন্য মন্ত্রিসভা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনের বিধান দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সংযুক্ত হয়ে এই বৈঠক করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, লন্ডন থেকে যারা আসবেন তাদের অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে। দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আছে, সেখানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। মহাসড়ক আইন-২০২০ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদিত
মহাসড়কে অনিয়ম দূর করার লক্ষ্যে নানাবিধ দণ্ডের বিধান রেখে ‘মহাসড়ক আইন-২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের মহসড়কগুলো যে আইনে চলছিল সেটা ১৯২৫ সালের করা। ব্রিটিশ আমলে করা ৫টি ধারার সেই আইন পরিবর্তনের প্রয়োজন দেখা দেওয়ায় নতুন এই আইন করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, কেউ মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে দুই বছরের কারাদণ্ড বা স্থায়ী স্থাপনার ক্ষেত্রে ৫ লাখ টাকা আর অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক ৫০ হাজার টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মহাসড়কের পাশে অবকাঠামো নির্মাণ করলে, ফসল, খড় বা পণ্য শুকালে, ক্রসিং এরিয়া বাদে অন্য জায়গা দিয়ে হাঁটলে ১ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।
হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় কঠিন আইন হচ্ছে
গতকালের সভায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। সচিব বলেন, এতদিন আমাদের হজ ব্যবস্থাপনা চলত একটা নীতিমালার মাধ্যমে। যে কারণে, অনেক অসুবিধা ছিল, নানা পদক্ষেপ নিতে হতে। দেখা যেত কোনো পদক্ষেপ নেয়া হলে অভিযুক্তরা হাইকোর্টে গিয়ে ইনজাংশন বা স্ট্যাটাসকো নিয়ে আসত। এছাড়া, ২০১১ সাল থেকে সৌদি আরব সম্পূর্ণ হজ ব্যবস্থাপনা পরিবর্তন করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন
গতকাল মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়ক ল্যান্ডস্কেপিং নীতিমালা-২০২০’ এর খসড়ার এবং জিটিসিএল কর্তৃক ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়-নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকায় গাছপালা কাটার প্রস্তাব অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে সামরিক শাসন বলবত্কালীন জারিকৃত অর্ডন্যান্সগুলো বাতিলে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ‘মোংলা পোর্ট অর্ডিন্যান্স ১৯৭৬’ এর পরিবর্তে নতুন এই আইনটি নিয়ে আসা হয়েছে। এর আগে পায়রা বন্দর আইন যেমনটি হয়েছে অনেকটা সেরকমই এই আইনটি।
‘সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়ক ল্যান্ডস্কেপিং নীতিমালা-২০২০’এর খসড়ার অনুমোদন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূপ্রকৃতির সঙ্গে মানানসই পরিবেশ, ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, জীববৈচিত্র সব কিছুই ল্যান্ডস্কেপিংয়ের সঙ্গে সমন্বয় রেখে সংরক্ষণ করতে হবে। বনাঞ্চলে মহাসড়ক করার ক্ষেত্রে ন্যূনতম বৃক্ষ অপসারণের বিষয়টি বিবেচেনায় রাখতে হবে। বন্যপ্রাণীর যাতায়াতের এলাকা রাখতে হবে, একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগাতে হবে।
