প্রথমধাপের পৌরসভার ভোট চলাকালে খুলনার চালনা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ও দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল খয়ের খান (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রার্থীর মৃত্যুর ঘটনায় চালনা পৌরসভার মেয়র পদের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচনে ভোট দেখতে এসে সুজন মাহমুদ (৩৮) নামের নৌকার সমর্থক এক হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ২৪টি পৌরসভায় ভোট সম্পন্ন হয়েছে। পঞ্চগড়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনিয়ম ও জোর পূর্বক কেন্দ্র দখলের ঘটনায় বিভিন্ন পৌরসভার মেয়রপ্রার্থীরা ভোট বর্জন করেছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
খুলনা অফিস ও দাকোপ প্রতিনিধি জানান, চালনা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খান গতকাল সোমবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
এদিকে চালনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল করে জোর করে ভোট দেওয়ার অভিযোগ তুলে সোমবার দুপুর পৌনে ২টায় বিএনপি প্রার্থী আবুল খয়ের খানের নির্বাচনের প্রধান এজেন্ট আব্দুল মান্নান খান ও স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার বিশ্বাস পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানিয়েছেন, পাবনার চাটমোহরে পৌর নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৮) নামে নৌকার এক সমর্থক হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।
অন্যদিকে, পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। ভোট চলাকালীন সময়ে পৃথক প্রেস ব্রিফিং করে ভোট বর্জন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আ. মান্নান। ভোট কেন্দ্র দখল, জোরপূর্বক নৌকায় ভোট প্রদান, বহিরাগতদের দ্বারা হামলা, ভয়ভীতি দেখানো এবং অভিযোগের কোনো প্রতিকার না পাওয়ায় এই দুই প্রার্থী নির্বাচন বর্জন করেন।
পঞ্চগড়ে রিটার্নিং অফিসারের গাড়িতে হামলা :পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের গাড়িতে হামলাসহ পাঁচ মোটরসাইকেল ভাঙচুর, কাউন্সিলর সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর ঐ কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে কেন্দ্রের সামনেই তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। ঐ কেন্দ্রের সামনে থাকা কয়েক জন উচ্ছৃঙ্খল যুবক তার গাড়ি ভাঙচুর করে। এ সময় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়।
এদিকে পৌরসভার কামাতপাড়া এলাকার নূরুন আলা নূর মাদরাসা কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী হাসনাত হামিদুর রহমান ও মো. রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে পাঁটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী সফিকুল ইসলাম ও জাকির হোসেন সমর্থকদের মধ্যেও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। চার কাউন্সিলর সমর্থকদের হামলা পালটা হামলায় ১৬ জন আহত হয়েছে। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তিন জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। কয়েকটি কেন্দ্রে গণমাধ্যম কর্মীরা প্রিজাইডিং অফিসার এবং আওয়ামী লীগ কর্মীদের দ্বারা লাঞ্ছিত হন। ধামরাইয়ে পৌরসভা নির্বাচন শেষে ফলাফলে কারচুপির অভিযোগ এনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী, সমর্থক ও স্বজনরা। সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করে। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রগুলোতে নৌকা ও কাউন্সিলরদের এজেন্ট থাকলেও বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি। অভিযোগ ওঠে অনেক কেন্দ্রে ইভিএমে আঙুলের ছাপ নেওয়ার পর ভোটারদেরকে নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করা হয়।
সন্ধ্যার পরও ভোট নিতে হয়েছে বরিশালের উজিরপুর পৌরসভার দুটি ওয়ার্ডের ভোটকেন্দ্রে। সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিম উদ্দিন জানান, কিছুক্ষণ আগে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে।
