অর্থপাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তার ভাই নরেন্দ্র কুমার সিনহা। সাক্ষ্যে তিনি বলেন, ‘আমার ভাই এস কে সিনহার নির্দেশে আমি ও শঙ্খজিত্ শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় একটি যৌথ হিসাব খুলতে যাই। সেখানে একজন কর্মকর্তা আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছিলেন। যাওয়ার পর শুধু আমাদের স্বাক্ষর রাখা হয়। এরপর একটি চেক বইয়ের সব পৃষ্ঠায় দুজনের স্বাক্ষর রাখা হয়। পরে আমরা বাড়ি ফিরে যাই এবং পরবর্তী সময়ে জানতে পারি, ঐ হিসাবের মাধ্যমেই অভিযোগের সমপরিমাণ ২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন হয়। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই জবানবন্দি গ্রহণ করেন। নরেন্দ্র কুমার সিনহার পর সাক্ষ্য দেন এসকে সিনহার ভাতিজা শঙ্খজিত্ সিনহা। দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে তাদের জেরার জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করে আদালত।
ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে ৪ কোটি টাকা স্থানান্তর ও আত্মসাত্ করার অভিযোগে গত বছরের ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করে দুদক। ঐ বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত ১৩ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। এরপরই এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ইতিমধ্যে এই মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
