বিশ্বভারতীর জমিবিতর্কে আপনার সমর্থনে ভরসা পেলাম। এই ভাষাতেই ‘বোন এবং বন্ধু’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল সোমবার অমর্ত্য সেনের বাড়ির কাছাকাছি বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার বোলপুরে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তার। খবর আনন্দবাজার পত্রিকার
মমতার চিঠির জবাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ লেখেন, চিঠিতে আপনার সমর্থনের কথা জানতে পেরে আমি খুব খুশি। এটা শুধু আমাকে স্পর্শ করেনি, আমাকে আশ্বস্ত করেছে। আপনার ব্যস্ত জীবনের মধ্যেও আক্রান্ত মানুষের জন্য আপনি সময় বের করেছেন। আপনার শক্তিশালী কণ্ঠ যা ঘটছে তা নিয়ে আপনার উপলব্ধি আমার কাছে শক্তির উত্সস্বরূপ।’ বিশ্বভারতীর জমিবিতর্কে তার পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাকে ধন্যবাদও জানিয়েছেন ঐ অর্থনীতিবিদ।
সম্প্রতি শান্তি নিকেতনে ‘প্রতীচী’র জমি ঘিরে বিতর্ক তৈরি শুরু হয়েছে। তারপরই চিঠি লেখে ঐ অর্থনীতিবিদের পাশে থাকার বার্তা দেন মমতা। মুখ্যমন্ত্রী লেখেন, জমিবিতর্কের কথা জানতে পেরে তিনি ‘বিস্মিত এবং আহত’। মমতার বার্তা, বিশ্বভারতীর কিছু নব্যহানাদার সম্প্রতি আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করেছে। সেই সঙ্গে বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠতার গোঁড়ামির বিরুদ্ধে আপনার লড়াইয়ে আমার পূর্ণ সমর্থন রয়েছে’। নোবেলজয়ী অর্থনীতিবিদকে লেখা চিঠিতে তাকে ‘সম্মাননীয় অমর্ত্যদা’ বলে সম্বোধন করেছেন মমতা। চিঠির শেষে সালামও জানিয়েছেন। লিখেছেন, ‘অনুগ্রহ করে এদেশের আধিপত্যবাদ এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে আপনার বোন এবং বন্ধু হিসেবে গণ্য করুন’।
