মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মৌলবাদী শক্তিই নারী নেতৃত্বের বিরোধিতা করে। নারীরা কারোর অনুকম্পায় আসেননি, তারা নিজ যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) আয়োজিত নারীর ক্ষমতায়ন ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি নারীবান্ধব। এ সরকারই ইউনিয়ন ও উপজেলা পরিষদে নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছে।
বিজেআরএফ সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ খান, সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, এম এ সালাম শান্ত প্রমুখ বক্তব্য দেন।
