প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিত্সাধীন ছিলেন তিনি। ড. মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও তার স্ত্রী রওশন রহমান ইভা। তবে সবশেষ পরীক্ষায় তাদের দুই জনেরই করোনা নেগেটিভ আসে।
ড. মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
