রাজধানীর মগবাজার টিঅ্যান্ডটি কলোনিতে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মীর আফতাবুল ইসলাম সুমন (৪৮)। গতকাল সকালে কলোনির ভেতর একটি চারতলা বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সমুন মগবাজার টিঅ্যান্ডটিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে টিঅ্যান্ডটি কলোনিতে থাকতেন। সকালে বাসা থেকে নামাজ আদায়ের জন্য বের হন। এরপর ভবনের সামনে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামে। তার বাবার নাম মৃত মীর হায়দার আলী।
হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো রহস্যজনক। তার গলায় নাইলনের দড়ি প্যাঁচানো ছিল। তার গলায় কালো দাগ ও বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।
