বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ অবশেষে চূড়ান্ত হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সব কিছু ঠিক থাকলে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই আসর। সোমবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিশ্চিত করে সাফ কর্তৃপক্ষ। একই বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করতে চায় বাফুফে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের জন্য খসড়া সূচি করা হয়েছে মার্চের প্রথম সপ্তাহ।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গত সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা থাকলেও বৈশ্বিক মহামারির কারণে তা আর হয়ে উঠেনি। পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হয়েছে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়। আবারো সুযোগ হলো বঙ্গবন্ধুর নামে সাফ আয়োজনের।
নতুন তারিখ অনুযায়ী দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর অনুষ্ঠিত হবে আসছে সেপ্টেম্বরে ১৪ থেকে ২৫ তারিখ পর্যন্ত। অংশ নেয়া দলের সংখ্যা হবে সাত। তবে সংস্কারের জন্য ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। সেক্ষেত্রে ম্যাচ অনুষ্ঠিত হবে কোথায় তা চূড়ান্ত হবে পরিস্থিতি বিবেচনায়।
এছাড়াও ২০২১ সালে সাফ আরও চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করবে। এ চারটি চ্যাম্পিয়নশিপ হলো- ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপ ও মেয়েদের অনূর্ধ্ব-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হয়েছে সভায়।
ইত্তেফাক/এসআই
