‘দুর্নীতি বন্ধ করতে একটা কেন, হাজারটা মামলা খেতেও প্রস্তুত’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২০:৩৪

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে একটা কেন, হাজারটা মামলা খেতেও আমি প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স, ঠিক তখনই তার উল্টো চিত্র ভাঙ্গা উপজেলা প্রশাসনে। প্রশাসনের দুই কর্মকর্তা ভাঙ্গাবাসীকে ব্যবহার করে যেভাবে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে তাতে মনে হয় দেশে আইন বলে কিছু নেই। ভাঙ্গা বাজারের ভেতরে সরকারি জায়গার ৮৮ টি দোকান বরাদ্দের নামে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। 

প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই জরুরি ভিত্তিতে একটি বিভাগীয় তদন্ত এদের বিরুদ্ধে করা হউক। ইউএনও রকিবুর রহমান খান ও এসিল্যান্ড আল-আমিন মিয়া সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের মনমতো অনিয়ম করে যাচ্ছেন। দেশের সকল মিডিয়ায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে তারপরেও সে বহাল তবিয়তে তাদের বাণিজ্য করে যাচ্ছেন। ভাঙ্গা বাজারের দোকানঘর বরাদ্দ অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে আগামী ১১ জানুয়ারি লাগাতার হরতাল করা হবে।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা বাজারে টিনপট্টিতে আয়োজিত সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন। 

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জরুরি ভিত্তিতে ভাঙ্গা প্রেসক্লাবে ভবন নির্মাণ করা হবে। আপনারা আপনাদের ইমানি দায়িত্ব সততার সাথে পালন করুন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন আপনাদের পাশে আমি সবসময় থাকব।

সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, সাংবাদিক হাজী আব্দুল মান্নান, সাংবাদিক রমজান সিকদার, সাংবাদিক হাজী শামীম, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ভাঙ্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

ইত্তেফাক/এএএম