করোনায় দীর্ঘদিন বিরতীর পর আবারো সরব হচ্ছে ইন্ডাস্ট্রি। তারকারা শুরু করেছেন নতুন ছবির শুটিং। এই দলে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহী। নতুন ছবি নিয়ে আবারো তিনি দর্শকদের সামনে আসছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘যাও পাখি বলো তারে’তে দেখা যাবে এই অভিনেত্রীকে। ২০০৯ সালে মুক্তি পায় ‘মনপুরা’ ছবিটি। ছবিটিতে কৃষ্ণকলির গাওয়া ‘যাও পাখি বলো তারে’ গানটি মানুষের মুখে মুখে ফিরেছিল সেসময়। এবার এই গানের শিরোনামেই তৈরি হচ্ছে ছবিটি।
জানা গেছে, জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। বর্তমানে ছবিটির গান রেকর্ডিং ও প্রি-প্রডাকশনের কাজ চলছে। মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেকদিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মিত হয় না। তাছাড়া আমিও কখনো এমন ছবি তৈরি করিনি। এটি চ্যালেঞ্জ বলতে পারেন।’
