সাবলীল আচরণের গুরুত্ব

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

সমাজে বসবাস করতে হলে নানা ধরনের সামাজিক মেলামেশার সংস্পর্শে আসতে হয়। আর এই  সামাজিক মেলামেশায় যে কারো ভুল-ভ্রান্তি, দোষ-ত্রুটি হতেই পারে। এটা থাকা স্বাভাবিক। তাই কারোর সেই দোষ-ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া অত্যন্ত ভালো একটি কাজ। এতে ভুল করা ব্যক্তি নিজেকে ভুলপথে পরিচালিত করা থেকে বিরত রাখতে পারে এবং আগামীতে সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক হতে পারে। তবে সেই মহত্ কাজটি নির্ভর করে ভুল ধরিয়ে দেওয়ার পদ্ধতির ওপর। ব্যক্তি যখন সাবলীল আচরণের মাধ্যমে সংশোধনের উদ্দেশ্যে কারো ভুল ধরিয়ে দেন, তখন যেমন ভুলকারী নিজের ভুল বুঝতে পারেন, অন্যদিকে ভুল ধরিয়ে দেওয়া ব্যক্তিটিও সম্মানিত হন। পক্ষান্তরে রূঢ় আচরণ বা কটুবাক্যের মাধ্যমে কারো ভুল ধরিয়ে দিলে ভুলকারী নিজের ভুল বুঝতে পারা তো দূরের কথা, উলটো ভুল ধরিয়ে দেওয়া ব্যক্তির ওপর চটে। কারণ তখন সে নিজের ভুলের চাইতে নিজের অপমানিত হওয়া বিষয়টার ওপরই বেশ গুরুত্ব দিয়ে থাকে। তার সংশোধন হয়ে ওঠা আর হয় না। এর মাধ্যমে উভয়ের মধ্যে একে অপরের প্রতি একধরনের নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। যা মোটেই কাম্য নয়। তাই কাউকে সংশোধনের জন্য ভুল ধরিয়ে দেওয়া হোক সুন্দর আচরণের মাধ্যমে। হেয় প্রতিপন্ন করার মাধ্যমে নয়। সামাজিক ও পারস্পরিক  মেলামেশায়  সাবলীল আচরণ অতীব গুরুত্বপূর্ণ। 

মুহাম্মদ আবু হানিফ

পশ্চিম এলাহাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম