নির্বিচারে বৃক্ষ নিধন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫০

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের বিশাল ফসলি জমি সংলগ্ন রাস্তার গাছগুলো নির্বিচারে কাটা হচ্ছে। কখনো গাছের অংশবিশেষ, কখনোবা সম্পূর্ণ বৃক্ষই। এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। তীব্র রোদে কাজ শেষে কৃষকের বিশ্রাম বা খাবারের স্থানগুলো ধ্বংসের পথে। রাস্তার পাশে নতুন করে গাছের চারা রোপণও হচ্ছে না। ফলে সবুজের সমারোহে ভরপুর এলাকাটি বৃক্ষহীন মরুভূমির দিকে ধাবিত হচ্ছে। কারা এসবের সঙ্গে জড়িত, এলাকার মানুষ জানে। কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে চান না। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্টরা এ বিষয়ে অবগত কি না জানা নাই। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ, দয়া করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে এলাকাটি বাঁচান এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন।

জনৈক এলাকাবাসী