বগুড়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ১৫টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুত্ফর শেখকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার রাত ১টার দিকে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ির দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, লুত্ফর শেখের বিরুদ্ধে চারটি খুনসহ ডাকাতি মামলা, তিনটি ডাকাতির প্রস্তুতির মামলা, একটি দস্যুতা মামলা, দুইটি অস্ত্র মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। সে বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও জামালপুরে অপরাধমূলক কাজ করত।