গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মঙ্গলবার বিকালে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল প্রসাধনী তৈরির দায়ে ফ্যাক্টরি মালিকের আত্মীয় ও শ্রমিকসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপুর নেতৃত্বে গোপালগঞ্জ শহরসংলগ্ন গোলাবাড়িয়া এলাকায় জনি এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপু জানান, ঐ ফ্যাক্টরি থেকে সাবান ও ডিটারজেন তৈরির কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী জব্দ করা হয়। পরে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ফ্যাক্টরিটি সিলগালা করে দেওয়া হয়েছে।
