কমলগঞ্জে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। ঘরে ঘরেই সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট চিকিত্সকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

উপজেলার ভানুগাছের পল্লি চিকিত্সক নূরুল ইসলাম ও শমশেরনগরের পিন্টু দেবনাথ বলেন, আগে বেশির ভাগ ক্ষেত্রে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হতে দেখা গেলেও শীত বেড়ে যাওয়ায় এখন সব বয়সি লোকের মধ্যে এসব উপসর্গ দেখা যাচ্ছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ঠান্ডা বেড়ে যাওয়ায় সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে এ ধরনের রোগী বেশি আসছে। এ সময়ে সতর্কতা অবলম্বন প্রয়োজন। তিনি আরো বলেন, বর্তমানে লোকজন করোনা পরীক্ষা না করানোয় করোনা রোগীর বিষয়েও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।