ইত্তেফাক ডেস্ক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মানববন্ধন পালন করেছেন সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। ১১তম গ্রেডে বেতন প্রদানসহ পাঁচ দফা দাবিতে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদ গেটের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মদন (নেত্রকোনা) : উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করা হয়। উপজেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মে. মোজাম্মেল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মো. সজীব আহম্মদ, মো. আলী আহম্মদ চৌধুরী প্রমুখ।
দশমিনা (পটুয়াখালী) : উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের আহ্বায়ক বগুড়া নুরিয়া দাখিল মাদ্রসার অফিস সহকারী আব্দুল মমিন, দশমিনা ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসার অফিস সহকারী মুন্সি বাহাদুর আলম প্রমুখ।
এছাড়াও মাগুরার শালিখা, জামালপুরের ইসলামপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জেও অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।
