সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

নরসিংদীর পাঁচ গুণীজনকে সম্মাননা

নরসিংদী প্রতিনিধি প্রগতিশীল রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল হাসিম মিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে মঙ্গলবার নরসিংদীর পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। নরসিংদী স্টেশন রোডে আবুল হাসিম মিয়া স্মৃতি সংসদ কার্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—লেখক ও গবেষক সরকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ বাহার, প্রয়াত সাংবাদিক ঈশ্বর চন্দ্র সূত্রধর, গণহত্যার শিকার শহিদ মুরারী মোহন সাহা এবং নারী শিক্ষায় বিশেষ অবদানে জোবেদা খাতুন।

মনপুরায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ শুরু

মনপুরা (ভোলা) সংবাদদাতা ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহপ্রদান কর্মসূচির আওতায় ২০০ ঘর নির্মাণকাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম মিঞা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলার হাজির হাট ইউনিয়নের সোনারচর মৌজার ২ নম্বর ওয়ার্ডে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ শুরু হয়। একই দিনে ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ শুরু হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা গফরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মঙ্গলবার শীতবস্ত্র, মাস্ক ও সাবান বিতরণ করেছে শিশু-কিশোর সংগঠন সূর্যসারথি খেলাঘর আসর। পৌর শহরের ডাকবাংলো মাঠে এ শীতবস্ত্র, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রংপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে বিএডিসি লালাবাগ বীজ ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশে বক্তর্য রাখেন বিএডিসির যুগ্ম-পরিচালক মোফাজ্জল হোসেন, আ ফ ম সাইফুল ইসলাম, ক্ষুদ্র সেচের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্জয় সরকার প্রমুখ।

রংপুরে মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, রংপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট মঙ্গলবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম প্রমুখ।

পর্যটন শিল্পের বিকাশে জেলেদের সঙ্গে মতবিনিময় 

শিবচর (মাদারীপুর) জীবনযাত্রার মানোন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে জেলেদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 

জিংকসমৃদ্ধ ধান উত্পাদনবিষয়ক আলোচনাসভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় জিংকসমৃদ্ধ বীজ ধানের উত্পাদন ও সর্বস্তরে জিংক ধানের চাষাবাদবিষয়ক এক আলোচনাসভা হয়েছে। মঙ্গলবার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক ধান গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ প্রজনন) ড. মো. আলমগীর হোসেন।

আমন সংগ্রহ অভিযান উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা মহাদেবপুরে সরকারিভাবে চলতি মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পুলিসহ অন্যরা।