ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। মূল্যসূচকের টানা উত্থানের পাশাপাশি লেনদেনেও বেশ ভালো গতি দেখা দিয়েছে। মঙ্গলবার হাজার কোটি টাকার বেশি লেনদেন হওয়ার মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হলো।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ৪ জুলাইয়ের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে এলো। গত বছরের ৪ জুলাই সূচকটি ৫ হাজার ৩৮০ পয়েন্টে ছিল। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৬ পয়েন্টে উঠে এসেছে।
সবকটি মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার চেয়ে বেশি। দিনের লেনদেন শেষে বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৬৮টি এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৯১ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৭৯ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, এসএস স্টিল, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং শাইনপুকুর সিরামিক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৭টির এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে।
চার কোম্পানির শেয়ারে
বিক্রেতা নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো—রহিমা ফুড, ইস্টার্ন কেবলস, ক্রিস্টাল ইনসিওরেন্স, রবি আজিয়াটা।
জানা গেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৪ দশমিক ১০ টাকায়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রহিমা ফুডের অ্যাডজাস্ট ওপেনিং প্রাইজ ১৯৪ দশমিক ১০ টাকা ধরা হয়েছে। তবে ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১৩ দশমিক ৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৩ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৯ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
