শিল্পনগরীর জমি উন্নয়নের পরই প্লট বরাদ্দের নির্দেশনা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

দেশের শিল্পসম্ভাবনায় এলাকাগুলোতে নতুন নতুন শিল্পনগরী স্থাপনে বিসিকের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন) কার্যক্রম আরো জোরদার করার তাগিদ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, শিল্পনগরীসমূহের জমি সম্পূর্ণভাবে উন্নয়ন করার পরই প্লট আকারে উদ্যোক্তাদের বরাদ্দ প্রদান করতে হবে। একই সঙ্গে সেখানে শিল্পকারখানা পরিচালনায় প্রয়োজনীয় সব পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার বিসিকের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি নতুন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর শিল্পায়নের অভিযাত্রা জোরদার করতে হবে। বিসিকের পরিচালক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মো. মোস্তাক হাসান বক্তব্য দেন।  এসময় বিসিকের চেয়ারম্যান বলেন, নতুন নতুন শিল্প-পার্ক স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিসিক মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিসিকের শিল্পনগরীসমূহে বিদেশি উদ্যোক্তারা নতুন বিনিয়োগের প্রস্তাব করছেন বলেও তিনি উল্লেখ করেন।