স্পোর্টস রিপোর্টার
জাতীয় শরীর গঠন চর্চার গত আসরে মাকসুদা আক্তার মৌ দ্বিতীয় হয়েছিলেন। সেই থেকেই মনের মধ্যে একটা জেদ, নিজেকে নতুন রূপে গড়ে তুলবেন। সেরা আসন চাই। চট্টগ্রামের পতেঙ্গার নারী শরীর চর্চাকারী এবার বঙ্গবন্ধু শরীর গঠনের নারী লড়াইয়ে প্রথম স্থান পেয়েছেন। কাল বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে নারীদের পৃথক ইভেন্টে প্রথম হয়েছেন মৌ। শখের বসে জিম করতেন। মৌ বললেন, ‘উন্নতি দেখে জিমে সময় দিতে শুরু করলাম।’ শখ থেকে এখন পেশায় পরিণত করেছেন শরীর গঠনকে। মৌ বললেন, ‘সার্টিফিকেশন কোর্সও করেছি। চট্টগ্রামের মেট্রো ফ্লেকস জিমে পারসোনাল ট্রেইনার হিসেবে কাজ করছি। লেখাপড়া করেছি কানাডায়।’
বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠনে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত শেষ দিনে সাতটি স্বর্ণপদকসহ ১৭২ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে তারা। অন্যদিকে চট্টগ্রামের মানস জিম দলগত রানার্সআপ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে অব্যবস্থা চোখে পড়েছে। স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
