উইন্ডিজ সিরিজ
জান-ই-আলম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের জন্য বাংলাদেশ দল গঠনের প্রাথমিক কাজ সেরে ফেলেছেন নির্বাচকরা। আগামী ১৪ ও ১৬ জানুয়ারি দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল। এর পরই টেস্ট দল দেবেন নির্বাচকরা। দুই ফরম্যাটের দলেই জায়গা পেতে পেসারদের মধ্যে হবে তীব্র প্রতিযোগিতা। ওয়ানডে, টেস্ট দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে আছেন এক ঝাঁক পেসার। জানা গেছে, করোনার ঝুঁকি, জৈব সুরক্ষা বলয় মিলে দুই ফরম্যাটে ১০ জন পেসার সুযোগ পেতে পারেন।
নিকট অতীতে জাতীয় দলে খেলেছেন এমন পেসারদের মধ্যে উইন্ডিজ সিরিজে খেলার মতো অবস্থায় আছেন ৯ পেসার। তাদের সঙ্গে তরুণ শরীফুল ইসলাম, সুমন খান, শফিকুল ইসলামের নামও যুক্ত হলো পেস লাইনআপে। তবে পিঠের ইনজুরির কারণে আসন্ন সিরিজেও খেলা হচ্ছে না শফিউল ইসলামের। বঙ্গবন্ধু টি-২০ কাপে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি।
বাঁহাতি পেসার শরীফুল বঙ্গবন্ধু টি-২০ কাপে চট্টগ্রামের হয়ে ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। আরেক বাঁহাতি শফিকুল ইসলাম ঢাকার জার্সিতে ৮ ম্যাচে ১১ উইকেট ও বরিশালের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন সুমন খান। তবে এইচপি ইউনিটের এই তরুণত্রয়ী হয়তো এখনই সুযোগ পাচ্ছেন না।
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। একমাত্র টেস্টের দলে ছিলেন আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মুস্তাফিজুর, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ঐ সিরিজে কোনো ফরম্যাটেই সুযোগ না পাওয়া রুবেল হোসেন ছন্দে ফিরেছেন। বঙ্গবন্ধু টি-২০ কাপে ঢাকার হয়ে ১০ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।
তবে বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন সিরিজেও রুবেলের দলে থাকার সুযোগ কম। তরুণ গতিময় পেসার হাসান মাহমুদ সুযোগ পেতে পারেন দুই ফরম্যাটেই। এছাড়া মাশরাফিকে দলে রাখা না রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
একসঙ্গে এতজন পেসারকে ফিট অবস্থায় পেয়ে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। গতকাল তিনি বলেছেন, ‘এখন পেসাররা একটা সিস্টেমের মধ্যে আছে। অন্তত ১২ জন ফাস্ট বোলার আমাদের আছে, যাদেরকে আমরা বিভিন্ন ফরম্যাটে ব্যবহার করতে পারব। তাদের এই প্রতিযোগিতা বাংলাদেশ দলের জন্যই ভালো।’ নতুন বছর থেকেই লাল বল ও সাদা বলে পেসারদের আলাদা ইউনিট তৈরি করার পরিকল্পনা করছেন নির্বাচকরা। দুই-একজন ব্যতিক্রম থাকলেও যারা টেস্ট খেলবেন, তারা শুধু টেস্টেই খেলবেন। ওয়ানডে, টি-২০ তে একই পদ্ধতি অবলম্বন করা হবে।
