স্পোর্টস রিপোর্টার
করোনাকালে ক্যাম্পে থাকলেও পরে বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলা হয়নি শফিউল ইসলামের। পিঠের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে পড়েন। বঙ্গবন্ধু টি-২০ কাপে ফিরে দুটি ম্যাচ খেলেছেন। আবার পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেও শফিউলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বিষয়টি জানান।
পিঠের ইনজুরির চিকিত্সার জন্য এখন ভারতে যাওয়ার অপেক্ষায় আছেন ডানহাতি এই পেসার। শিগিগরই ভিসা পাওয়া সাপেক্ষে ভারতে উড়াল দিবেন তিনি। তারপর চিকিত্সকের পরামর্শ অনুযায়ী করণীয় ঠিক করা হবে। গতকাল বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, প্রাথমিকভাবে ইনজেকশন দেওয়া হতে পারে শফিউলকে। অস্ত্রোপচার নাও লাগতে পারে। তবে বর্তমান অবস্থায় উইন্ডিজ সিরিজ খেলার সম্ভাবনা নেই অভিজ্ঞ এই পেসারের।
