ভিলায় আটকা চেলসিও

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৩

মাত্র এক পয়েন্টের জন্য গত মৌসুমে অবনমন রেখে রক্ষা পাওয়া অ্যাস্টন ভিলা এই মৌসুমে এসে যেন আবির্ভূত হয়েছে নতুন রূপে। চ্যাম্পিয়ন লিভারপুলকে লজ্জায় ডুবানোর পর হারিয়েছে লেস্টার সিটি, আর্সেনাল ও উলভসকেও। সেই ধারা অব্যাহত রেখে সোমবার চেলসির ঘরের মাঠে গিয়ে ১-১ গোলের ড্র ছিনিয়ে আনল ডিন স্মিথের শিষ্যরা। দিনের অন্য ম্যাচের ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লেস্টার সিটি। প্রথমার্ধে অলিভিয়ের জিরুর হেডে চেলসি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিলার হয়ে সমতা ফেরায় আনোয়ার এল গাজি। প্রথম ১১ ম্যাচ শেষে টেবিলের শীর্ষস্থানে থাকা চেলসি এই ম্যাচসহ গত ৫ ম্যাচ থেকে কুড়িয়েছে মাত্র ৪ পয়েন্ট। টেবিলেও নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। দিনের অন্য ম্যাচে সেলহার্স্ট পার্কেও একই ব্যবধানে ড্র করেছে প্যালেস-লেস্টার।