ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে একটা কেন হাজারটা মামলা খেতেও প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঠিক তখনই তার উলটো চিত্র ভাঙ্গা উপজেলা প্রশাসনে। প্রশাসনের দুই কর্মকর্তা ভাঙ্গাবাসীকে ব্যবহার করে যেভাবে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে তাতে মনে হয় দেশে আইন বলে কিছু নেই। ভাঙ্গা বাজারের ভেতরে সরকারি জায়গার ৮৮টি দোকান বরাদ্দর নামে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে।
প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, জরুরি ভিত্তিতে একটি বিভাগীয় তদন্ত তাদের বিরুদ্ধে করা হোক। ইউএনও রকিবুর রহমান খান ও এসিল্যান্ড আল-আমিন মিয়া সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের মনমতো অনিয়ম করে যাচ্ছে। দেশের সব মিডিয়ায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে তার পরেও বহাল তবিয়তে তারা বাণিজ্য করে যাচ্ছে। ভাঙ্গা বাজারের দোকান ঘর বরাদ্দ অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে আগামী ১১ জানুয়ারি লাগাতার হরতাল করা হবে।
গতকাল মঙ্গলবার পৌর সদরের ভাঙ্গা বাজারে টিনপট্টিতে আয়োজিত সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জরুরি ভিত্তিতে ভাঙ্গা প্রেসক্লাবে ভবন নির্মাণ করা হবে।
সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মজিবুর মুন্সির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, সাংবাদিক হাজি আব্দুল মান্নান, সাংবাদিক রমজান সিকদার, সাংবাদিক হাজি শামীম, সাংবাদিক এ টি এম ফরহাদ নান্নু ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি প্রমুখ।
