ইত্তেফাক রিপোর্ট
সাভারে পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় মোহাম্মদ হোসেন নামে এক চাঁদাবাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজ মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছিল মোহাম্মদ হোসেন। গতকাল চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামে এক রিকশাচালককে মারধর করে মোহাম্মদ হোসেন। এ সময় ক্ষুব্ধ অন্য রিকশাচালকসহ স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
