কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
কালীগঞ্জে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর ধর্ষক পলাতক। গতকাল দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের উত্তরখলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা দিনমজুর। অন্যদিকে ধর্ষক সুজন দুই সন্তানের জনক ইজিবাইকচালক। শিশুটির বাবা জানান, দুপুরে শিশুটি তার মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পার্শ্ববর্তী মাঠে যায়। এ সময় লম্পট সুজন তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে নগ্ন ভিডিও দেখায় এবং ধর্ষণ করে। শিশুটির চিত্কারে তার বাবা ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে জাপটে ধরে চিত্কার করলে এক প্রতিবেশী এগিয়ে আসে। দুই জনকে কিল-ঘুষি দিয়ে পালিয়ে যায় ধর্ষক।
কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত স্বাস্থ্য পরীক্ষার গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক আতিকুজ্জামান বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণের পরামর্শ দিয়েছি।
