ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনে আরো এক সপ্তাহ সময়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে আরো এক সপ্তাহ সময় বৃদ্ধির আদেশ দিয়েছে হাইকোর্ট। বয়সের সময়সীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। একই সঙ্গে ভর্তিতে বয়সের সময়সীমা নির্ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী অনীক আর হক, আইনুন নাহার সিদ্দিকা ও মঞ্জুর এলাহী পরাগ শুনানি করেন।

মঞ্জুর এলাহী পরাগ বলেন, আদালত ২০১৭ সালের ভর্তির নীতিমালায় বয়সের সীমা ৬ষ্ঠ শ্রেণির ক্ষেত্রে স্থগিত করে রুল জারি করেছে। একই সঙ্গে ৬ষ্ঠ শ্রেণির ভর্তিতে আবেদনের জন্য আরো সাত দিন সময় বাড়িয়ে আদেশ দিয়েছেন। এখন ১১ বছরের কম বয়সিরা আবেদন করতে পারবে।