১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে হেলপার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:২৭

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত বাসের হেলপার রশিদ আহমদ (২২) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার দুপুরে রশিদ আহমদকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে হাজির করলে জবানবন্দি দেয় সে। এরপর তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন  জানান, রশিদ আহমদ আদালতে জবানবন্দি দিয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। রশিদ আহমদ সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীরচর গ্রামের হাবিব আহমদের ছেলে।

২৭ ডিসেম্বর রবিবার গভীর রাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাসমালিকের সহায়তায় জেলার ছাতক উপজেলার বুরাইরগাঁও গ্রামের শ্বশুরবাড়ি থেকে রশিদকে আটক করে। তবে বাসের চালক শহীদ মিয়া এখনো পলাতক রয়েছে। প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার ঐ কলেজছাত্রীকে আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ঐ ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে। স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহতাবস্থায় দেখতে পেয়ে দিরাই হাসপাতালে নেয়।