ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:২৮

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে থেতিয়ন নোমেন (৪৬) নামে এক ভারতীয় চোরাকারবারি নিহত এবং এক বিজিবি সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে জেলার হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া (পিলার নং-১১২৯-৪-এস)  এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ জানান, সোমবার রাতে টহলের সময় হালুয়াঘাটের সূর্যপুর সীমান্তে ডুমলিকুড়া এলাকায় সাত থেকে আট জনের একটি দলকে        দেখে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় তারা বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এতে বিজিবির এক সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে থেতিয়ন নোমেন নামে এক ভারতীয় নাগরিক নিহত হন। মরদেহের শরীর তল্লাশি করে ইয়াবার প্যাকেট, ভারতীয় মদের বোতল ও ভারতীয় জাতীয় পরিচয়পত্রের কার্ড পাওয়া যায়। হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে ভারত-বাংলাদেশ (পিলার নং-১১২৪-৫-এস) নো-ম্যানস ল্যান্ড অংশে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের খায়রুল ইসলাম এবং গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল নামে এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়।