২০২১ সালে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বছরে দেশের জনগণের যে অধিকার রয়েছে, সে অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা অবশ্যই প্রত্যাশা করব। সেই সঙ্গে প্রত্যাশা করব জনগণ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে।
২০২০ শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের জন্য একটা খারাপ বছর উল্লেখ করে ফখরুল বলেন, এই বছরে সরকারের কর্তৃত্ববাদের যে চেহারা তা আরো প্রচণ্ডভাবে বেড়িয়ে এসেছে, ডিজিটাল আইনে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, ধর্ষণ বেড়েছে ও দুর্নীতি সব থেকে বেশি বেড়েছে। সেই সঙ্গে জনগণের অধিকার হরণ এই বছরেই সব থেকে বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, দেশে করোনা ভাইরাস আসার পরে কয়েকটি জিনিস খুব পরিষ্কার হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এখানকার স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর। সাধারণ মানুষের চিকিত্সাসেবা পাওয়ার যে সুযোগ এটি এখানে সবচেয়ে কম।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
