রাজধানীর আরামবাগের দেওয়ানবাগী পির সৈয়দ মাহবুবে খোদার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দেওয়ানবাগ শরিফে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে আরামবাগে দেওয়ানবাগীর আখড়া বাবে রহমতে তার নামাজে জানাজা হয়। জানাজার পর বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গত সোমবার ভোরে করোনা উপসর্গ নিয়ে মারা যান দেওয়ানবাগী পির। তার বয়স হয়েছিল ৭০ বছর।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই ভক্ত ও মুরিদ ভিড় জমান আরামবাগ দরবারে। দুপুর আড়াইটার দিকে আরামবাগ দরবারের পাশের সড়কে জানাজা হয়। জানাজার আগে অছিয়ত অনুযায়ী ছেলেদের তার দরবারের ইমাম করার ঘোষণা দেওয়া হয়। সেখানেই তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
