বাবুল চিশতীসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতী পরিবারের চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাবুল চিশতী বাদে এ মামলার অন্য আসামিরা হলেন—বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং দুই শ্যালক গোলাম রসূল ও মোস্তফা কামাল। গতকাল দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকার এই অবৈধ সম্পদ অর্জন এবং এই অবৈধ সম্পদ অর্জনের সহযোগিতা করার অভিযোগ করা হয়েছে। এসব টাকা বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল ও শ্যালক মোস্তফা কামাল তাদের আয়ের অবৈধ উত্স, অবস্থান ও মালিকানা গোপন করে বৈধ করার উদ্দেশ্যে গোলাম রসূলের বিভিন্ন হিসাব নম্বরে জমা করেন। যা মূলত তাদের অবৈধভাবে অর্জিত অর্থ।

দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়েছে, বাবুল চিশতীর শ্যালক গোলাম রসূল ২৩ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ২১০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং দুদকের সম্পদ বিবরণীতে গোলাম রসূল ২৬ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এজাহারে আরো বলা হয়েছে, বাবুল চিশতী তার শ্যালক গোলাম রসূলের নামে যমুনা ব্যাংক ও ইসলামী ব্যাংকের হিসাবে ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ১০ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা জমা করেন। অন্য আসামি রাশেদুল হক চিশতী ২০১২ সাল থেকে ২০১৩ সালের মধ্যে তার ছোট মামা গোলাম রসূলের নামে যমুনা ব্যাংকের একাধিক হিসাবে ৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা জমা করেন। এর বাইরে আরেক আসামি মোস্তফা কামাল তার ছোট ভাই গোলাম রসূলের নামে ফারমার্স ব্যাংকের চারটি হিসাবে ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ১ কোটি ২০ হাজার টাকা জমা করেন।