রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ গ্রেফতার ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০০:১৬

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো—এ বি এম সিদ্দিকী বাপ্পী, আক্তারুজ্জামান ও মিজানুর রহমান। গত সোমবার র্যাব-১০-এর একটি দল পূর্ব রামপুরার জাকের গলি থেকে তাদের গ্রেফতার করে।

র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, রামপুরা থানার পূর্ব রামপুরার জাকের গলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি করে চামড়া আচ্ছাদিত বক্স, স্টিলের বক্স, রিমোট, ম্যানুয়েল বই, গ্যাস মাস্ক, ইলেকট্রিক মিটার, রাবারের ড্রপার, স্টিলের ঢাকনাযুক্ত কাঁচেরপট, কাঁচি, মিটার, কম্পাস, মেটাল ছাঁকনি, ক্যাটালগ, এক জোড়া হ্যান্ড গ্লাভস, চামড়ার জ্যাকেট (গ্রাউন), দুটি পাইপ ও পাঁচটি কাঁচের তৈরি ছোট চিকন পাইপ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, তারা তিন জনই ইউরেনিয়াম ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা ইউরেনিয়াম ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।